শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে শিবচর উপজেলার বাখরেরকান্দি এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজন বাস যাত্রী (যাঁরা সম্পর্কে বাবা ও ছেলে) এবং অন্যজন দাঁড়িয়ে থাকা পালকী পরিবহনের চালকের সহকারী (হেলপার)। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি; পুলিশ পরিচয় নিশ্চিতকরণে কাজ করছে।
ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে ‘পালকী পরিবহন’-এর একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে বাসটির একটি চাকা পাংচার হয়ে বিকল হয়ে পড়ে। চালক ও সহকারী বাসটি সড়কের পাশে পার্কিং করে মেরামতের চেষ্টা করছিলেন। ঠিক এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির ‘হানিফ পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বিকল বাসটির পেছনে সজোড়ে ধাক্কা দেয়। এতে দুটি বাসই মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন ও শিবচর হাইওয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকে। পরবর্তীতে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়ক থেকে সরিয়ে নিলে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়।
ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার জানান, খবর পাওয়া মাত্রই আমাদের উদ্ধারকারী টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে। নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসির রহমান বলেন, "খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে।"
ঘটনা সম্পর্কে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান জানান, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে দ্রুত উদ্ধারকাজে নিয়োজিত করা হয়। বর্তমানে উদ্ধার তৎপরতা সম্পন্ন হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি ও সড়ক পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
প্রতিবেদক: মাদারীপুর প্রতিনিধি
