আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপত্তিকর অবস্থায় দুই শিক্ষার্থী আটক, প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে বিয়ের সিদ্ধান্ত


ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের প্রধান ফটক সংলগ্ন এলাকায় আপত্তিকর অবস্থায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও ছাত্রীকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে দুই শিক্ষার্থীর লিখিত সম্মতি এবং পরিবারের সায় থাকায় প্রক্টরিয়াল বডির সার্বিক তত্ত্বাবধানে সামাজিকভাবে তাঁদের বিয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পূর্ব পাশে একটি মাদ্রাসা ও মসজিদ-সংলগ্ন কাঁঠালবাগান এলাকা থেকে ওই দুই শিক্ষার্থীকে স্থানীয়রা আটক করেন।

আটককৃত ছাত্র বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এবং ছাত্রী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন ধরে রাতের আঁধারে ওই শিক্ষার্থী যুগল স্থানীয় একটি বাগানের মধ্যে আসা-যাওয়া করছিলেন। তাঁদের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় কয়েকজন তাঁদের ওপর নজর রাখছিলেন। শুক্রবার রাত ৮টার পর পুনরায় বাগান এলাকার ভেতরে দুই ঘরের মাঝখানের নির্জন স্থানে অবস্থান নিলে স্থানীয় লোকজন গিয়ে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন।

ঘটনাটি ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা দ্রুত সেখানে উপস্থিত হন। তাঁরা স্থানীয়দের কবল থেকে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। পরবর্তীতে সেখানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এবং ছাত্র সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে এক দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আলোচনার একপর্যায়ে উভয় শিক্ষার্থী তাঁদের দীর্ঘদিনের প্রেমঘটিত সম্পর্কের কথা স্বীকার করেন এবং বিয়ের ইচ্ছ প্রকাশ করেন। আটক ছেলে শিক্ষার্থী বলেন, "আমাদের মধ্যে গত সাত-আট মাস ধরে ভালোবাসার সম্পর্ক রয়েছে। বাগানে যাওয়াটা আমার ভুল ছিল। আমি ওকে মন থেকেই ভালোবাসি এবং স্বেচ্ছায় বিয়ে করতে রাজি আছি।"

পরবর্তীতে উভয় শিক্ষার্থীর লিখিত সম্মতি নিয়ে প্রক্টর কার্যালয়ে তাঁদের অভিভাবকদের খবর দেওয়া হয়। দুই পরিবারের সদস্যদের উপস্থিতি নিশ্চিত করে শনিবার (২৬ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই সামাজিকভাবে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, "বিষয়টি অবগত হওয়ার পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই শিক্ষার্থীকে নিরাপদে প্রক্টর অফিসে নিয়ে আসি। পুরো ঘটনা বিবেচনা করে এবং তাঁদের নিজেদের লিখিত সম্মতির ভিত্তিতে আজ (শনিবার) উভয়ের পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে আইন ও সামাজিক নিয়ম মেনে বিয়ে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।"

প্রতিবেদক: ইবি প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন