শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৩টার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে নামিম খাঁ (১৯) এবং একই এলাকার কিসমত খাঁর ছেলে নিরব খাঁ (১৮)। একই পরিবারের দুই তরুণের এমন অকালমৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতের দিকে নামিম ও নিরব মোটরসাইকেলযোগে সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে নিজ বাড়ি কান্দিপাড়ায় ফিরছিলেন। পথিমধ্যে রামরাইল বাজার অতিক্রম করার সময় কুমিল্লা-সিলেট মহাসড়কে পেছন থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি তাঁদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে প্রচণ্ড আঘাতে তাঁরা মহাসড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই নামিম ও নিরবের মর্মান্তিক মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই তরুণের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, রাতের অন্ধকারে দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া অজ্ঞাত গাড়িটি ও তার চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিবেদক: সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া
