শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলার মিঠাছড়া বাজার সংলগ্ন ডায়নামিক হাসপাতালের বিপরীত পাশের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও তার আশপাশের এলাকায় ভবঘুরে হিসেবে অবস্থান করছিলেন। শনিবার সকালেও তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এ সময় কয়েকজন পথচারী তাঁকে খাবারও সরবরাহ করেন। পরবর্তীতে দুপুরের দিকে দীর্ঘ সময় ধরে তাঁর শরীরে কোনো নড়াচড়া না দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে মিরসরাই থানা-পুলিশকে অবহিত করা হলে বিকেলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী বিবি ফাতেমা জানান, "তিনি দীর্ঘদিন ধরে মিঠাছড়া এলাকায় ঘুরে বেড়াতেন। সকালে আমরা তাঁকে স্বাভাবিকভাবেই শুয়ে থাকতে দেখি এবং খাবার দিই। কিন্তু দুপুরে গিয়ে দেখা যায় তিনি মারা গেছেন।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে যে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং দীর্ঘদিন যাবত মিঠাছড়া এলাকায় ঘোরাফেরা করতেন। তাঁর নাম-পরিচয় ও স্থায়ী ঠিকানা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রতিবেদক: মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
