আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> আইনশৃঙ্খলা

রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, দোকানে পেট্রলবোমা ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ


রাজশাহী মহানগরীতে বকেয়া বা টাকা ভাঙানো নিয়ে সামান্য বাকবিতণ্ডার জেরে আবদুল বারী (৪০) নামে এক মুদি দোকানিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই সাথে নিহত দোকানির মুদির দোকানে পেট্রলবোমা ছুড়ে আগুন দেওয়ারও অভিযোগ উঠেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানাধীন বাকির মোড় এলাকায় এ বর্বরোচিত ঘটনাটি ঘটে।

নিহত আবদুল বারী ওই এলাকার বাসিন্দা বদরুল সরকারের ছেলে। তিনি বাকির মোড় এলাকায় দীর্ঘদিন ধরে মুদির ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর পার্শ্ববর্তী চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় বারীর মুদি দোকানে এসে টাকা ভাঙাতে চায়। বারী টাকা ভাঙাতে অস্বীকৃতি জানালে যুবকদের সাথে তাঁর তর্কাতর্কি ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে চণ্ডীপুর এলাকার ওই যুবকেরা দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।

নিহতের স্বজনদের অভিযোগ, ওই বাকবিতণ্ডার জেরে রাত পৌনে ২টার দিকে চণ্ডীপুর এলাকা থেকে প্রায় ৫০ থেকে ৫৫ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র ও পেট্রলবোমা নিয়ে বাকির মোড় এলাকায় হানা দেয়। হামলাকারীরা প্রথমেই বন্ধ দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে পেট্রলবোমা ছুড়ে মারলে মুহূর্তে দোকানটিতে আগুন ধরে যায়।

দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে বারী ও তাঁর পরিবারের সদস্যরা ঘর থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। এ সময় আগাম ওত পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা বারীকে ঘেরাও করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বারীকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক তদন্ত পরিচালনা করে।

তিনি আরও জানান, নিহত আবদুল বারীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লিখিত এজাহার পাওয়ার পরপরই জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিবেদক: মো. গোলাম কিবরিয়া, রাজশাহী

একটি মন্তব্য পোস্ট করুন