আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> জবি

‘ইসরায়েলকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র বৈশ্বিক আধিপত্যই ক্ষয় করছে’: জবি সেমিনারে গেগরি জে সিমনস


ইসরায়েলকে অন্ধ সমর্থন জুগিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে তাদের দীর্ঘদিনের ভূরাজনৈতিক আধিপত্য ও প্রভাব নিজেই ধসিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক গেগরি জে. সিমনস।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে আয়োজিত ‘পশ্চিম এশিয়া যুদ্ধ, বিশ্ব গণতন্ত্র, নৈতিক জবাবদিহি ও আত্মসমালোচনা’ শীর্ষক একক সেমিনারে মূল বক্তার আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে অধ্যাপক সিমনস বলেন, "পশ্চিম এশিয়ার বর্তমান রণক্ষেত্রকে কেবল ইসরায়েল ও ইরানের দ্বিপাক্ষিক সংঘাত হিসেবে দেখলে বৈশ্বিক ভূরাজনীতি বোঝা সম্ভব নয়। এর সাথে মার্কিন প্রভাব, ইসরায়েলের আঞ্চলিক আধিপত্য বিস্তার এবং বৈশ্বিক শাসনব্যবস্থার পরিবর্তনের গভীর সম্পর্ক রয়েছে।"

তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের ঘনিষ্ঠ সামরিক মিত্রতা থাকলেও দুটি দেশের জাতীয় ও ভূরাজনৈতিক স্বার্থ সর্বাংশে এক নয়। ওয়াশিংটন মূলত তাদের একচ্ছত্র বিশ্ব নেতৃত্ব বা ‘প্যাক্স আমেরিকানা’ (Pax Americana) ধরে রাখতে মরিয়া, তবে মধ্যপ্রাচ্যের এই দীর্ঘমেয়াদী যুদ্ধ সেই মার্কিন প্রভাবকেই ক্রমাগত ভঙ্গুর করে তুলছে।

ইরান পলিসি প্রসঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা সামরিক বয়ানের তীব্র সমালোচনা করে তিনি বলেন, "মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সাফল্যের যে একপক্ষীয় বয়ান দেওয়া হচ্ছে, বাস্তব চিত্র ও সামরিক পর্যালোচনার সাথে তার কোনো মিল নেই।"

পশ্চিমা বিশ্বের পররাষ্ট্রনীতিতে ‘দ্বৈত নীতি ও ভণ্ডামির’ কঠোর সমালোচনা করে সিমনস ফিলিস্তিন ও ইসরায়েল ইস্যুতে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের বৈষম্যমূলক প্রয়োগের প্রশ্ন তোলেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের ক্ষেত্রে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি পশ্চিমা বিশ্ব ও ইউরোপীয় ইউনিয়নের দুই ধরনের আচরণের উদাহরণ টেনে তিনি বলেন, রাষ্ট্রভেদে আন্তর্জাতিক আইনের প্রয়োগে প্রকাশ্য পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে।

তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের পরবর্তী পরিস্থিতিকে ইসরায়েল তাদের সুদূরপ্রসারী কৌশলগত অঞ্চল বিস্তারের সুযোগ হিসেবে ব্যবহার করছে এবং তথাকথিত ‘গ্রেটার ইসরায়েল’ (Greater Israel) ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার পাঁচতারা করছে।

আন্তর্জাতিক রাজনীতি, পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ, বিশ্ব গণতন্ত্রের সংকট এবং নৈতিক জবাবদিহিতা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দীন। এছাড়া বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত, জবির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

প্রতিবেদক: জবি প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন