তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, "শিক্ষকতা শুধু জীবিকার পেশা নয়, এটি সম্মান ও নৈতিক দায়িত্বের জায়গা। শিক্ষকতার পরিচয় ব্যবহার করে দলাদলি বা বিভাজনে জড়ানো উচিত নয়। দলাদলি বন্ধ করুন, নতুবা শিক্ষকতা ছেড়ে দিন। গত ১৭ বছরের ট্রমা থেকে বেরিয়ে এসে সরকারের শিক্ষার্থীবান্ধব কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখুন।"
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও কলেজ মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা পর্যায়ের ‘আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধিভুক্ত কলেজের শিক্ষকদের পেশাগত মর্যাদার বিষয়টি তুলে ধরে ভিসি আরও বলেন, "অর্থবিত্তের চেয়ে মানুষের জন্য কাজ করা ও দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার মহান লক্ষ্য নিয়েই অনেকে উচ্চ আয়ের বিকল্প ছেড়ে শিক্ষকতায় আসেন। তাই শিক্ষকতার এই অনন্য সম্মান নিজেদেরই ধরে রাখতে হবে। এই মর্যাদা রক্ষা করতে না পারলে শিক্ষকতা ছেড়ে বিকল্প পেশা বা আয়ের পথ বেছে নেওয়াই শ্রেয়।"
উচ্চশিক্ষা ও শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে সরকার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের গৃহীত নানা সংস্কারমূলক পদক্ষপের চিত্র তুলে ধরে ড. আমানুল্লাহ জানান, শিক্ষাকদের গবেষণায় উৎসাহিত করতে পিএইচডি বৃত্তির পরিমাণ ৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। এছাড়া ফুল-টাইম ও পার্ট-টাইম এমফিল এবং উচ্চতর গবেষণার অবারিত সুযোগ সৃষ্টি করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কেবল পরীক্ষার ফল প্রকাশের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না, বরং শিক্ষার্থীদের কর্মমুখী ও সৃজনশীল ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই প্রধান লক্ষ্য। এজন্য 'ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি', 'গ্রিন ক্যাম্পাস' ও সোলার পাওয়ারের মতো আধুনিক পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়নে তিনি শিক্ষকদের সর্বাত্মক সহযোগিতা আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ঢাকা জেলার ২৫টি কলেজের ৩৫র্থ জন প্রতিভাবান শিক্ষার্থী সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন। অনুষ্ঠানে জানানো হয়, জেলা পর্যায়ের বিজয়ী শিক্ষার্থীরা পরবর্তীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দফতরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম, স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আশেক কবির চৌধুরীসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, তেজগাঁও কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: ঢাকা প্রতিনিধি
