মাদারীপুরে তুচ্ছ সড়ক দুর্ঘটনার জেরে আটক ট্রাকচালকের কাছে ৩০ হাজার টাকা ঘুষ দাবি এবং ঘুষ না পেয়ে জোরপূর্বক ট্রাকের ব্যাটারি খুলে নেওয়ার অভিযোগ উঠেছে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে। ঘটনার বিস্তারিত সংবাদকর্মীদের ভিডিও ক্যামেরায় ধারণ হওয়ার পর ক্যাম্প ছেড়ে পালিয়েছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী পণ্যবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৭৫৪৪) টেকেরহাট এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি নতুন লাল রঙের প্রাইভেটকারকে পেছন থেকে সামান্য ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটিতে সামান্য আঁচড় লাগে। ঘটনার পরপরই ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর (সাধুর ব্রিজ) হাইওয়ে পুলিশ ক্যাম্পের দায়িত্বরত সদস্যরা দুটি গাড়িই আটক করে মস্তফাপুর পুলিশ ক্যাম্পে নিয়ে যান।
ক্যাম্পে নেওয়ার পর ট্রাকচালক মো. সিদ্দিকের কাছে ঘটনা নিষ্পত্তির নামে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন দায়িত্বরত হাইওয়ে পুলিশ সদস্যরা। কিন্তু চালক দাবিকৃত ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে বাধ্য করে ট্রাকের ব্যাটারি খুলে নেওয়া হয়।
ঠিক সেই সময়ে মাদারীপুরে কর্মরত একদল স্থানীয় সংবাদকর্মী ওই সড়ক দিয়ে যাওয়ার সময় ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং তাৎক্ষণিকভাবে হাইওয়ে পুলিশের ব্যাটারি খুলে নেওয়ার দৃশ্য ভিডিও ক্যামেরায় ধারণ করেন।
ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য জানতে ও সত্যতা যাচাই করতে সংবাদকর্মীরা মস্তফাপুর পুলিশ ক্যাম্পের ভেতরে প্রবেশ করলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা তড়িঘড়ি করে পালিয়ে যান। পরবর্তীতে দীর্ঘ সময় অপেক্ষা করেও ক্যাম্পে কোনো দায়িত্বশীল পুলিশ সদস্যকে পাওয়া যায়নি।
এদিকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি টয়োটা করোলা ক্রস (Toyota Corolla Cross) মডেলের একটি বিলাসবহুল গাড়ি। গাড়ির ভেতরে থাকা এক নারী যাত্রী জানান, প্রায় ৭০ লাখ টাকা মূল্যে সদ্য কেনা গাড়িটির মালিক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি থানায় কর্মরত একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
ঘটনার পরপরই পুলিশের অনভিপ্রেত আচরণ এবং ঘুষ দাবির বিষয়ে মাদারীপুরের আঞ্চলিক পরিবহন খাতের সদস্য ও সাধারণ পথচারীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রতিবেদক: মাদারীপুর প্রতিনিধি
