আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> আইনশৃঙ্খলা

রাজশাহীতে চাঞ্চল্যকর মুদি দোকানি বারী হত্যা মামলার ২ নম্বর আসামি আমির হোসেন গ্রেফতার


রাজশাহীর বাকির মোড় এলাকায় ব্যবসায়ী আবদুল বারীকে নৃশংসভাবে কুপিয়ে ও পেট্রোল বোমা ছুড়ে হত্যার ঘটনায় দায়েরকৃত চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি আমির হোসেন চন্দ্রকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে নগরের আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যায় বাকির মোড় এলাকায় আবদুল বারীর মুদিদোকানে পাশের চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক খুচরা টাকা ভাঙাতে যান। এ সময় দোকানে ভাঙতি টাকা নেই বলে আবদুল বারী জানালে যুবকদের সাথে বাকবিতণ্ডা তৈরি হয়।

এই তুচ্ছ ঘটনার জেরে ওই দিন মধ্যরাতে (রাত পৌনে ২টার দিকে) ৫০ থেকে ৫৫ জনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্তের দল দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র ও পেট্রোল বোমা নিয়ে বারীর বাড়ির সামনে চড়াও হয়। হামলাকারীরা শুরুতেই বারীর দোকানঘরের শাটারের তালা ভেঙে ফেলে এবং ভেতরের জিনিসপত্রে আগুন ধরাতে পেট্রোল বোমা নিক্ষেপ করে।

হঠাৎ অগ্নিকাণ্ড ও আক্রমণের মুখে আবদুল বারী ও তাঁর পরিবারের সদস্যরা আত্মরক্ষার্থে ঘর থেকে বের হয়ে এলে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় আশঙ্কাজনক পরিস্থিতিতে বারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নৃশংস এই হত্যাকাণ্ডের পর নিহত আবদুল বারীর স্ত্রী দিলরুবা পারভীন বাদী হয়ে রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এজাহারভুক্ত ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

তিনি আরও জানান, মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি আমির হোসেন চন্দ্রকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বাকিসব আসামিদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে রাজপাড়া থানা পুলিশের একাধিক টিম সমন্বিত অভিযান অব্যাহত রেখেছে।

প্রতিবেদক: মো. গোলাম কিবরিয়া, রাজশাহী

একটি মন্তব্য পোস্ট করুন