আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> আইনশৃঙ্খলাআ

বাড্ডায় জোড়া গোলাগুলি ও ছুরিকাঘাত: স্কুল শিক্ষার্থীসহ আহত ৩, এলাকায় আতঙ্ক


রাজধানীর বাড্ডা থানা এলাকায় পৃথক স্থানে আধিপত্য বিস্তার ও দুষ্কৃতকারীদের হামলায় দু’জন গুলিবিদ্ধসহ অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বাড্ডার আলাতুন্নেছা স্কুলের গলি ও মেরুল বাড্ডা এলাকায় পৃথক সময়ে এসব সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন— গুলিবিদ্ধ মো. আলামিন (২৫) ও ফ্রিজ মেকানিক সাইফুল ইসলাম (২৩) এবং দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী আব্দুল্লাহ (১৬)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত স্কুল শিক্ষার্থী আব্দুল্লাহর মামা কাওসার তারেক জানান, রাত আনুমানিক ১০টার দিকে মধ্য বাড্ডার আলাতুন্নেছা স্কুলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ অজ্ঞাতনামা কিছু সশস্ত্র দুর্বৃত্ত আব্দুল্লাহর ওপর হামলা চালিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে ঘটনার কিছুক্ষণ আগে ওই এলাকায় কিশোর গ্যাং বা দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল। পরবর্তীতে এক পক্ষ রাস্তায় যাকে পেয়েছে তাকেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। ভুক্তভোগী আব্দুল্লাহ বাড্ডা এলাকার স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী ও আসন্ন এসএসসি পরীক্ষার্থী।

এর আগে ওই একই এলাকায় দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির সময় পথচারী মো. আলামিন (২৫) পায়ে গুলিবিদ্ধ হন। তাঁকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু রাসেল জানান, আলামিনের বাসা আলাতুন্নেসা স্কুলের পেছনে। কাজ শেষে রাতে ওই পথ দিয়ে বাসায় ফেরার সময় দুই পক্ষের গোলাগুলির মাঝে পড়ে তাঁর ডান পায়ের হাঁটুতে গুলি লাগে। পরে তাঁকে উদ্ধার করে দ্রত হাসপাতালে নেওয়া হয়।

এদিকে ঘটনার কিছু পরেই রাত আনুমানিক ১১টার দিকে মেরুল বাড্ডা বাজার গলি এলাকায় দ্বিতীয় গুলির ঘটনা ঘটে। গুলিতে গুরুতর আহত হন পেশায় ফ্রিজ মেকানিক সাইফুল ইসলাম (২৩)। তিনি বাজার গলির মণ্ডল বাড়িতে ভাড়া থাকেন।

হাসপাতালে সাইফুলের প্রতিবেশী মোহন গাজী জানান, কাজ শেষে বাসায় ফেরার পথে হেলমেট পরিহিত দুই সশস্ত্র মোটরসাইকেল আরোহী বাড্ডা বাজার গলিতে সাইফুলের পথরোধ করার চেষ্টা করে। আতঙ্কে সে দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিটি তাঁর পায়ে বিদ্ধ হয়।

বাড্ডা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আবু জাফর জানান, বাড্ডা থানা এলাকার দুটি পৃথক স্থান থেকে গোলাগুলি ও ছুরিকাঘাতের খবর পাওয়া গেছে। এসব ঘটনার পর থেকেই পুলিশ মাঠে রয়েছে এবং আইনি কার্যক্রম চলমান আছে। ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে থানা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।

প্রতিবেদক: ঢাকা প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন