একই সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গঠিত তিনটি উচ্চপর্যায়ের জাতীয় কমিটিকে সাধুবাদ জ্ঞাপন, জেএসএসের সাম্প্রতিক বিভ্রান্তিকর বিবৃতির তীব্র প্রতিবাদ এবং ব্যারিস্টার মীর হেলালকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে বহাল রাখার জোর দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি শহরের কাঁঠালতলীস্থ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্তারা বলেন, পাহাড়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সুনির্দিষ্ট নীতি-নির্ধারণ এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় সরকার সম্প্রতি যে তিনটি উচ্চপর্যায়ের জাতীয় কমিটি গঠন করেছে, তা পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও পাহাড়ি-বাঙালির পারস্পরিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে ঐতিহাসিক ভূমিকা রাখবে। তবে পার্বত্য শান্তি চুক্তির এতদিন পার হলেও পাহাড়ে অবৈধ অস্ত্রের ঝনঝনানি, বেপরোয়া চাঁদাবাজি ও দেশবিরোধী অপশক্তির আধিপত্য না কমায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে পাহাড়ে সংঘটিত বিগত দিনের সকল হত্যাকাণ্ডের সঠিক বিচারের লক্ষ্যে অবিলম্বে একটি ‘লিগ্যাল টাস্কফোর্স’ গঠনের জোর দাবি জানানো হয়। এছাড়া পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত করা শিক্ষা ও স্বাস্থ্য বিভাগসমূহকে পুনরায় সরাসরি মূল মন্ত্রণালয়ের অধীনে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
শিক্ষাক্ষেত্রে বিদ্যমান ১ শতাংশ উপজাতীয় কোটার পরিবর্তে দেশের সকল পিছিয়ে পড়া মানুষের জন্য "অনগ্রসর কোটা" চালু করা, পার্বত্য জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদে আনুপাতিক জনসংখ্যা অনুযায়ী সকল জাতির সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং পাহাড়ে সক্রিয় বিদেশি এনজিওগুলোর অর্থের উৎস ও কার্যক্রমে স্বচ্ছতা আনতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কঠোর তদারকিরও দাবি তোলা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবীব আজম, রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার, যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুর হোসেন, ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
প্রতিবেদক: মো. জসিম উদ্দিন, রাঙ্গামাটি
