আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> চট্টগ্রাম

মিরসরাইয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, সেপ্টেম্বরের ১৫ দিনে শনাক্ত ১০

মোহাম্মদ সালাহ উদ্দিন, চট্টগ্রাম:

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এর আগে আগস্ট মাসে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে আসা ১২ জনের মধ্যে ১০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে গত ৪৫ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ জনে।

বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ও আশপাশ নিয়মিত পরিষ্কার রাখা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম বা টায়ারে পানি জমতে না দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এছাড়া জ্বর, মাথাব্যথা ও শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে শুধু মিরসরাই নয়, পুরো চট্টগ্রাম জেলাজুড়েই ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে পুরো জেলায় ১ হাজার ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন ডেঙ্গুর বিস্তার রোধে ব্যক্তি ও পরিবার পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন