মো: গোলাম কিবরিয়া, রাজশাহী:
রাজশাহী জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে বিশেষ পুরস্কার লাভ করেছেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজশাহী পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কল্যাণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের লক্ষ্যে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ। সভায় পুলিশ সদস্যদের নানা সমস্যা, কল্যাণ, স্বাস্থ্যসেবা ও কর্মপরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রধান অতিথি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় মাসিক 'অপরাধ পর্যালোচনা সভা'। এতে সাধারণ মানুষকে দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা প্রদান, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন থানার ওসিদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গোদাগাড়ী মডেল থানার ওসি সুজন মিঞার হাতে সম্মাননা ও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
