বাগেরহাটের চিতলমারীতে সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে ভাঙচুর এবং চার্চের বারান্দায় রাখা মা মারিয়ার মূর্তি পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মো. ফায়জুল শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী চার্চসংলগ্ন পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) রাতে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার ফায়জুল শেখ চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের সোহরব শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চিতলমারী উপজেলার নতুন কালশিরা গ্রামের সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের বারান্দায় থাকা কাঁচের বাক্স ভাঙচুর করেন ফায়জুল শেখ। এরপর বাক্সের ভেতরে সংরক্ষিত মা মারিয়ার মূর্তিটি তুলে এনে চার্চের পশ্চিম পাশের পুকুরে ফেলে দেন। ঘটনার পর চার্চের সভাপতি পিটার শংকর ব্রহ্ম বাদী হয়ে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা রুজুর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ফায়জুল শেখকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যমতে পুলিশ পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে অক্ষত অবস্থায় মূর্তিটি উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তার ফায়জুল শেখের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। উদ্ধার করা মূর্তিটি বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদক: ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট
