মাগুরা প্রতিনিধি:
মাগুরায় অনিয়মের বিষয়ে তথ্য ও বক্তব্য জানতে চাওয়ায় দৈনিক মানবকণ্ঠ ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এস এম শিমুল রানাকে অশালীন ভাষায় গালিগালাজ, পা কেটে নেওয়া এবং মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারী মো. রেজাউল ইসলাম পিৎজার বিরুদ্ধে এ অভিযোগ উঠে এসেছে।
এ ঘটনায় নিজের নিরাপত্তা ও জীবনশঙ্কাবোধ থেকে মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক শিমুল রানা।
জিডি সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে একটি অনিয়মের অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্মচারী রেজাউল ইসলাম পিৎজার মোবাইলে ফোন দেন শিমুল রানা। অভিযোগের বিষয়ে বক্তব্য না দিয়ে অভিযুক্ত কর্মচারী ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সাংবাদিককে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজসহ অঙ্গহানি ও মিথ্যা মামলায় হয়রানির হুমকি প্রদান করে। ঘটনার একটি অডিও রেকর্ড ইতিমধ্যে স্থানীয় সাংবাদিকদের হস্তগত হয়েছে।
সাংবাদিককে হুমকি দেওয়ার এ ন্যক্কারজনক ঘটনায় ক্ষোভ ও তীব্র নিন্দার ঝড় উঠেছে মাগুরার সাংবাদিক মহলে। আরটিভি ও আমাদের সময়ের মাগুরা প্রতিনিধি মোখলেসুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এবং স্টার নিউজের জেলা প্রতিনিধি মোঃ ইউনুস আলীসহ স্থানীয় সাংবাদিকেরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল ইসলাম জানান, অডিও রেকর্ডটি পুলিশ শুনেছে এবং এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

