আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> উন্নয়ন

‘কুড়িগ্রাম উন্নয়নে রাজনৈতিক হিসাব নয়, অগ্রাধিকার দারিদ্র্য বিমোচন’: আসাদুল হাবিব দুলু


নির্বাচনে কোনো আসন না পেলেও কুড়িগ্রামকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, দেশের পিছিয়ে থাকা এই জেলার মানুষের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কুড়িগ্রামের প্রকৃত দারিদ্র্য চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, “এ জেলার বিপুলসংখ্যক মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। শুধু ইট-পাথরের অবকাঠামো তৈরি করে এ অবস্থার টেকসই পরিবর্তন সম্ভব নয়। সাধারণ মানুষের আয় বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির মাধ্যমে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করাই সরকারের মূল লক্ষ্য।” এ লক্ষ্যে স্থানীয় পর্যায়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে স্থানীয় জীবনযাত্রার মান উন্নত হবে বলেও জানান তিনি।

দেশের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা কাঠামোর বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, বিগত ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি বিভাগকে পঙ্গু করে ফেলা হয়েছিল। দীর্ঘদিন প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কাজ না করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ প্রশাসনের বিভিন্ন স্তরে অনিয়ম, দুর্নীতি ও অসামঞ্জস্য তৈরি হয়েছে। এসব জট একদিনে দূর করা সম্ভব নয় উল্লেখ করে তিনি জানান, প্রশাসনকে পুনরায় শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন প্রশাসনিক ভবন ও আধুনিক হলরুমের সুফল সম্পর্কে মন্ত্রী আশা ব্যক্ত করে বলেন, নতুন অবকাঠামো সরকারের কর্মকর্তা-কর্মচারীদের কাজের পরিবেশ উন্নত করবে, যা পরোক্ষভাবে উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের সরকারি সেবা পাওয়ার পথ আরও দ্রুত ও সহজ করবে।

উদ্বোধন শেষে মন্ত্রী নতুন ভবনের বিভিন্ন কক্ষ ও দপ্তর পরিদর্শন করেন এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মো. আতিকুর রহমান, কুড়িগ্রাম

একটি মন্তব্য পোস্ট করুন