সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করা স্বামী-সন্তানহীন ও প্রতিবন্ধী তিন বোনের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর পণ্ডিতপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের তিন মেয়ে মন্তনী বেওয়া (৭৯), বোছ বেগম (৭৫) ও তুলি বেগম (৫৫)। তাঁদের মধ্যে মন্তনী বেওয়ার কোমরের হাড় ভাঙা, বোছ বেগম জটিল শারীরিক অসুস্থতায় ভুগছেন এবং ছোট বোন তুলি বেগম বুদ্ধিপ্রতিবন্ধী। প্রায় ৩০ বছর ধরে একে অপরকে অবলম্বন করে কোনোমতে দিন পার করছেন এই তিন বোন। আয়-রোগার না থাকায় খাবার ও চিকিৎসার খরচ জোগানোসহ জরাজীর্ণ ঘরে তাঁদের জীবন কাটছিল চরম কষ্টে।
গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অনলাইন নিউজ পোর্টালে ‘তিন বোনের নেই আপনজন, ভাঙা ঘরে অসহায় জীবন’ শিরোনামে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।
এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) নাগেশ্বরী উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ওই তিন বোনের বাড়িতে গিয়ে তাঁদের হাতে খাদ্যসামগ্রী ও নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রীজীব কুন্ডু ও স্থানীয় সংবাদকর্মী মিজানুর।
এর আগে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আলাউদ্দিন জানান, সংবাদটি দেখে তাৎক্ষণিকভাবে তিন বোনের জন্য জরুরি খাদ্য ও প্রাথমিক আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তীতে সরকারি বরাদ্দ পাওয়া গেলে তাঁদের বসবাসের জন্য টিনসহ গৃহনির্মাণের প্রয়োজনীয় উপকরণ দেওয়া হবে।
এদিকে স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে অসহায় তিন বোনের জন্য নিয়মিত খাদ্য, প্রয়োজনীয় চিকিৎসা ও একটি নিরাপদ পাকা ঘরের স্থায়ী ব্যবস্থার দাবি জানিয়েছেন।
প্রতিবেদক: নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
