থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর উপজেলার দাড়িয়াল ইউনিয়নের নান্টু চৌকিদারের মেয়ে সুবর্ণা (১৪), সাইফুল ইসলামের মেয়ে হাফসা আক্তার (১৪) ও দেলোয়ার হাওলাদারের মেয়ে নাদিয়া আক্তার (১৪) প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে তারা আর নিজ নিজ বাড়িতে ফিরে আসেনি। স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তাদের কোনো সন্ধান না পেয়ে বাকেরগঞ্জ থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেন।
ডায়েরিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেনের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) নাজমুল মোল্লা, সবিতা রানী ও সঙ্গীয় ফোর্স মেহেদী হাসানের সমন্বয়ে গঠিত একটি দল অভিযানে নামে। আধুনিক প্রযুক্তি ও গোপন সংবাদের সহায়তায় যৌথ অভিযান চালিয়ে শ্যামপুর কদমতলী এলাকার ম্যাচ ফ্যাক্টরি থেকে তিন ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান, নিখোঁজ তিন স্কুলছাত্রীকে ঢাকা থেকে সফলভাবে উদ্ধার করে বাকেরগঞ্জে নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত ছাত্রীদের তাদের নিজ নিজ পরিবারের নিকট হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিবেদক: মো. গোলাম মোস্তফা, বাকেরগঞ্জ (বরিশাল)
