আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> কুড়িগ্রাম

ফুটবলের উন্মাদনায় কুড়িগ্রাম: উদ্বোধনী ম্যাচে ট্রাইব্রেকারে কুড়িগ্রাম সদরের জয়


উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে কুড়িগ্রামে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নাগেশ্বরী উপজেলা ক্রীড়া সংস্থাকে ট্রাইব্রেকারে ৮-৭ গোলে হারিয়ে শুভসূচনা করেছে কুড়িগ্রাম সদর উপজেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও অনৈতিক পথ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়াজগৎ এখন বিশ্বজুড়ে অত্যন্ত সম্ভাবনাময় ও মর্যাদাপূর্ণ খাত।

বিশ্ব ফুটবলের উদাহরণ টেনে তিনি আরও বলেন, “পৃথিবীর বিখ্যাত ফুটবলার লিওনেল মেসি বিপুল ব্যয়ে বিলাসবহুল বাসস্থান গড়ে তুলেছেন। খেলাধুলা যে কত বড় অর্থনৈতিক ও পেশাগত সুযোগ তৈরি করতে পারে, এটি তারই উৎকৃষ্ট প্রমাণ। তরুণ প্রজন্ম যেন খেলাধুলাকেই সম্মানজনক ভবিষ্যৎ ও ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।”

কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, এবি পার্টি কুড়িগ্রাম জেলার আহ্বায়ক ডা. নজরুল ইসলাম খান ও সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েলসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে জেলা স্টেডিয়াম মাঠে ক্রীড়ামোদী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। নির্ধারিত সময়ের হাড্ডাহাড্ডি লড়াই অমিমাংসিত থাকায় ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়। অবশেষে ৮-৭ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে কুড়িগ্রাম সদর উপজেলা ক্রীড়া সংস্থা।

আয়োজক সূত্র জানায়, স্থানীয় ফুটবলকে পুনরুজ্জীবিত করা এবং তরুণ সমাজকে মাঠমুখী করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন। টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা ও কুড়িগ্রাম পৌরসভা ক্রীড়া সংস্থাসহ মোট ১০টি দল অংশ নিচ্ছে।

প্রতিবেদক: মহানন্দ বর্মন, কুড়িগ্রাম

একটি মন্তব্য পোস্ট করুন