রংপুরের গঙ্গাচড়ায় দুই সন্তানের জননী আয়শা সিদ্দিকা জ্যোতি (৩২) নামের এক গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, ২২ লাখ টাকা যৌতুক না পেয়ে শিক্ষক স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা জ্যোতিকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা চালিয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার বড়বিল ইউনিয়নের পাকুড়িয়া শরীফ এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জ্যোতি ওই এলাকার লালচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম লেবুর স্ত্রী এবং অবসরপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষক জয়নাল আবেদীনের মেয়ে। সাত বছর আগে পারিবারিক সম্মতিতে তাঁদের বিয়ে হলেও দাম্পত্য জীবনের শুরু থেকেই আর্থিক দাবির মুখে পড়তে হয় জ্যোতিকে।
নিহতের পরিবারের স্বজনেরা জানান, বিয়ের কিছুদিন পর থেকেই জ্যোতির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। পূর্বে একটি মোটরসাইকেলের চাহিদা মেটাতে জ্যোতির বাবা ঋণ করে একটি বাইক কিনে দিলেও তা পছন্দ হয়নি অজুহাতে ফিরিয়ে দেন লেবু। সম্প্রতি জ্যোতির বাবা চাকরি থেকে অবসরে গেলে রংপুর শহরে জমি কেনার কথা বলে তাঁর কাছে ২২ লাখ টাকা দাবি করেন লেবু। এই বিপুল পরিমাণ অর্থ দিতে অপারগতা প্রকাশ করায় গত দেড় মাস ধরে জ্যোতির ওপর নির্যাতনের তীব্রতা বহুগুণ বেড়ে যায়।
নিহতের ছোট ভাই জাহিদুলের দাবি, "আমার বোন কখনো আত্মহত্যা করার মতো মেয়ে নয়। ২২ লাখ টাকা না পেয়ে তাকে নৃশংসভাবে হত্যা করার পর ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।"
ঘটনার দিন সকালে স্থানীয়দের ডেকে লেবু নিজেই জানান তাঁর স্ত্রী গলায় ফাঁস দিয়েছেন। পরে প্রতিবেশীরা ঘরে ঢুকে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্ত স্বামী শহিদুল ইসলাম লেবু ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান। স্থানীয় অধিবাসীরা জানান, পারিবারিক কলহ ও নির্যাতন ওই পরিবারে দীর্ঘদিনের ঘটনা ছিল।
খবর পেয়ে গঙ্গাচড়া থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক: মো. আলী ইনহাম, রংপুর
