সুমন আহমেদ, কুমিল্লা:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন দক্ষিণমোড় এলাকা থেকে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর অপ্রতিম নামে এক কিশোরের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দক্ষিণমোড়ের একটি নির্জন স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নাহিদা নাহিদের ছেলে। এ পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনায় গোটা কুমিল্লা জুড়ে তীব্র ক্ষোভ ও গভীর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার থেকে নিখোঁজ ছিল অপ্রতিম। পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা সম্ভাব্য নানা স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার সকালে নির্জন স্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
সন্তানকে হারিয়ে নিহতের মা অধ্যাপক নাহিদা নাহিদ কান্নাজড়িত কণ্ঠে বিলাপ করে বলেন, "শুধুমাত্র একটি আইফোনের জন্য আমার ছেলেটাকে মেরে ফেলা হলো! এমন ৯০টি ফোন মুক্তিপণ হিসেবে চাইলে আমরা তা-ই দিতাম।"
আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, একটি দামি আইফোনের লোভে প্রলোভন দেখিয়ে অপহরণের পর কিশোর অপ্রতিমকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত চক্রটিকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও সচেতন এলাকাবাসী।
