আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> আইনশৃঙ্খলা

মাদক ব্যবসাকে কেন্দ্র করে কুষ্টিয়ায় বিএনপির দু'পক্ষের সংঘর্ষে গুলিবর্ষণ, নিহত ১


কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে সড়কির আঘাতে গোলাম মোস্তফা টেঙ্গুর (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্তসংলগ্ন চড়ইকুড়ি (মরার চর) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত টেঙ্গুর ওই গ্রামের মৃত দৈয়ব মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামকৃষ্ণপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্থানীয় বিএনপি নেতা আজাহার মেম্বারের সমর্থক এবং রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পটলের সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন ধরে চরম বিরোধিতা চলছিল। নিহত টেঙ্গুর বিএনপি নেতা পটলের বড় ভাই।

স্থানীয়দের ভাষ্য মতে, গত ২৮ সেপ্টেম্বর রাতে ভারত থেকে অবৈধ পথে আসা মাদকের একটি চালানকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়। এর জের ধরে গত দু'দিন ধরে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা, কথা-কাটাকাটি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে দু'পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে টেঙ্গুরের পেটে ধারালো সড়কি বিদ্ধ হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সংঘর্ষে সুমন মিয়া (৫০), হাদু মণ্ডল (৭০), রাশিদুল (৩৫), ফটিক (৫৫), বজলু (৫৫), আজাদ মণ্ডল (৬০) ও রাজু মণ্ডল (৩০) সহ অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল জানান, চড়ইকুড়ি গ্রামে আজাহার মেম্বার ও পটল পক্ষের মধ্যে গত ২-৩ দিন ধরে সীমান্তে ভারত থেকে আসা মাদক বা বিড়ির চালানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার তা বড় ধরনের সংঘর্ষে রূপ নিলে টেঙ্গুর নিহত ও বেশ কয়েকজন আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে দু'পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গোলাম মোস্তফা টেঙ্গুর নামে এক ব্যক্তি মারা গেছেন। অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারে এলাকায় পুলিশি অভিযান চালানো হচ্ছে এবং বিস্তারিত তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেদক: মো. ছিয়াম হোসেন, কুষ্টিয়া

একটি মন্তব্য পোস্ট করুন