আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> অপমৃত্যু

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু


বাগেরহাট জেলা কারাগারে খাবার খাওয়ার সময় হঠাৎ গলায় আটকে চাঁন মিয়া ফকির (৪৪) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে কারাগারের ভেতর এ দুর্ঘটনা ঘটে।

নিহত চাঁন মিয়া ফকির বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মৃত হেলাল উদ্দিন ফকিরের ছেলে। তিনি মোরেলগঞ্জ থানার একটি মামলায় বাগেরহাট জেলা কারাগারে হাজতি (নং-৪২৪১/২৬) হিসেবে বন্দি ছিলেন।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে বন্দিদের নির্দিষ্ট খাবার খাওয়ার সময় হঠাৎ চাঁন মিয়ার গলায় খাবার আটকে শ্বাসকষ্ট শুরু হয়। বিষয়টি টের পেয়ে ডিউটিরত কারারক্ষীরা তাঁকে দ্রুত উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছালে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার জানান, কারাগার থেকে সংকটাপন্ন অবস্থায় এক বন্দিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে জরুরি বিভাগে আনার আগেই তাঁর মৃত্যু হয়। মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং নিয়মানুযায়ী ময়নাতদন্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল বলেন, "সকালে নাস্তা খাওয়ার সময় অনাকাঙ্ক্ষিতভাবে ওই হাজতির গলায় খাবার আটকে যায়। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে পাঠানো হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।"

প্রতিবেদক: ম.ম.রবি ডাকুয়া, বাগেরহাট

একটি মন্তব্য পোস্ট করুন