আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> অন্যান্য

মিরসরাইয়ে পৃথক স্থান থেকে দুটি অজগর উদ্ধার


চট্টগ্রামের মিরসরাইয়ে একই দিনে লোকালয়ের পৃথক দুটি স্থান থেকে দুটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অজগর দুটির মধ্যে একটির দৈর্ঘ্য প্রায় সাত ফুট এবং অন্যটি আট ফুট লম্বা।

শুক্রবার (২ অক্টোবর) উপজেলার ১ নম্বর করেরহাট এবং ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন এলাকা থেকে বন বিভাগ ও বন্যপ্রাণী উদ্ধারকারী দল সাপ দুটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা জানান, করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ অলিনগর এলাকার শাহজাহান মাস্টারের বাড়ির আঙিনায় প্রথম অজগরটি দেখতে পান স্থানীয়রা। খাবারের সন্ধানে লোকালয়ে এসে ধানক্ষেতের পাশে দেওয়া নেটের জালে আটকে পড়ে প্রায় সাত ফুট লম্বা অজগরটি। খবর পেয়ে ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশ’-এর সদস্য সালাউদ্দিন মাহাদী ও নওশিন হোসেন নিরব ঘটনাস্থলে পৌঁছে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।


উদ্ধারকারী দলের সদস্য সালাউদ্দিন মাহাদী বলেন, “ধারণা করা হচ্ছে খাবারের খোঁজে বনাঞ্চল থেকে অজগরটি লোকালয়ে চলে এসেছিল। পরবর্তীতে নেটের জালে আটকা পড়লে স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা সেটিকে নিরাপদে উদ্ধার করি।”

অন্যদিকে, একই দিন জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় মিয়াগ্রামের আজিজ মিয়ার বাড়ির আঙিনায় প্রায় আট ফুট লম্বা আরেকটি অজগর দেখতে পান ঘরের সদস্যরা। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় বন বিভাগকে জানানো হলে জোরারগঞ্জ বিট কর্মকর্তা হাসানুজ্জামানের নেতৃত্বে একটি দল গিয়ে সাপটি উদ্ধার করে।

জোরারগঞ্জ বিট কর্মকর্তা হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বনাঞ্চল থেকে লোকালয়ে চলে আসা অজগরটি উদ্ধার করার পর পাহাড়ি বনাঞ্চলের মহামায়া ইকোপার্কে নিরাপদে অবমুক্ত করা হয়েছে।

প্রতিবেদক: মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন