শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টা থেকে সংগঠনের সদস্যরা পুরাপাড়া-নগরকান্দা সড়কের মেহেরদিয়া মোড় থেকে পুরাপাড়া বাজারগামী প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়কে এ পরিচ্ছন্নতা অভিযান চালান।
অভিযানকালে রাস্তার দুই পাশের ঝোপঝাড় ও অপ্রয়োজনীয় গাছপালা কাটার পাশাপাশি পিচঢালাই সড়কের উভয় পাশে জমে থাকা দীর্ঘদিনের মাটি ও নানা প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। এতে রাস্তার দুই পাশে প্রায় দুই ফুট জায়গা সম্প্রসারিত হয়ে পথচারী ও যানবাহন চলাচলের জন্য সড়কটি মসৃণ ও ঝুঁকিমুক্ত হয়ে ওঠে। পাশাপাশি রাস্তার দু'পাশের ঝোপঝাড় পরিষ্কার করায় মশার বংশবৃদ্ধি রোধসহ ডেঙ্গু প্রতিরোধে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকেরা।
স্বেচ্ছাশ্রমভিত্তিক এ কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন আলোকিত মেহেরদিয়া সংগঠনের সাধারণ সম্পাদক কাজী শাকিল। এ সময় সংগঠনের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. জীবন সরদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মতিউর রহমানসহ সদস্য মো. তাইজুল, সামিউল, রিফাত, আমিন, আবদুল, সিফাত ও পারভেজ অংশ নেন।
সংগঠনের সাধারণ সম্পাদক কাজী শাকিল বলেন, "এলাকার পরিবেশ সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধ ও সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই আমাদের এ আয়োজন। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।"
কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন নগরকান্দার অন্যতম সামাজিক সংগঠন পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের কোষাধ্যক্ষ তারিকুর রহমান অঙ্কনসহ অন্যান্য সদস্যরা। তাঁরা তরুণদের এ মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, 'আলোকিত মেহেরদিয়া' সংগঠনটি এর আগেও কৃষকদের জন্য মাঠে টিউবওয়েল স্থাপন, নিয়মিত স্বেচ্ছায় রক্তদান ও সুবিধাবঞ্চিতদের শিক্ষা সহায়তাসহ নানা মানবিক কাজে ভূমিকা রেখে স্থানীয় পর্যায়ে ব্যাপক সুনাম কুড়িয়েছে।
প্রতিবেদক: মো. মফিজুর রহমান, ফরিদপুর
