অভিযান পরিচালনাকালে নজিরবিহীন পুলিশিং অ্যাকশন দেখা যায়, যেখানে সরাসরি মাঠে থেকে নেতৃত্বের ভূমিকায় ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে কুমিল্লাজুড়ে কিশোর গ্যাংয়ের উৎপাত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ ও স্কুল-কলেজের সামনে ইভটিজিংয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়। জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামেন পুলিশ সুপার। তাঁর নির্দেশনায় মহানগরীসহ জেলার ১৮টি থানার সম্ভাব্য অপরাধীদের আখড়ায় একযোগে হানা দেয় পুলিশ ও ডিবির একাধিক দল।
এই অভিযানের সবচেয়ে বড় সাফল্য হিসেবে ধরা দিয়েছে আলোচিত শাহাদাত হত্যা মামলার প্রধান আসামি ও কুখ্যাত ‘রতন গ্রুপ’-এর মূলহোতা রতনের গ্রেপ্তার। উল্লেখ্য, ২০২২ সালে কুমিল্লা নগরীর মিশনারি স্কুল এলাকায় কিশোর গ্যাং ‘ঈগল গ্রুপ’ ও ‘রতন গ্রুপ’-এর রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারান তরুণ শাহাদাত। ওই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি রতন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর একটি এলাকা থেকে তাঁকে পাকড়াও করা হয়।
কুমিল্লা জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে, গ্রেপ্তারকৃত ৩৬৩ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধের মাত্রা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্তে অপরাধের প্রমাণ মিললে কাউকেই ছাড় দেওয়া হবে না। একই সাথে কোনো নিরীহ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, কুমিল্লার মাটি থেকে কিশোর গ্যাং ও সন্ত্রাসী সংস্কৃতি চিরতরে নির্মূল না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের শূন্য সহনশীলতার (জিরো টলারেন্স) অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: সুমন আহমেদ, কুমিল্লা
