আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> চট্টগ্রাম

মিরসরাইয়ে কারখানায় গলিত লোহা ছিটকে দগ্ধ চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু


চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ‘ফার্মিক স্টিল লিমিটেড’ কারখানায় ফার্নেসের গলিত লোহা ছিটকে দগ্ধ হওয়ার ঘটনায় চীনা এক প্রকৌশলীসহ চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৮ সেপ্টেম্বরের ওই দুর্ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হলো; অপর একজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন— কারখানার চীনা প্রকৌশলী জেংলিং হং (৫৩), শ্রমিক শরিফুল ইসলাম (২৭) ও মনির হোসেন (২৭)। নিহত শরিফুল খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলা গ্রামের মো. সেলিমের ছেলে এবং মনির ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ গ্রামের বাসিন্দা।

হাসপাতাল ও থানা সূত্রে জানা যায়, চিকিৎসাধীন অবস্থায় গত ১ অক্টোবর সকাল সাড়ে ১১টায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান শ্রমিক শরিফুল ইসলাম। একই দিন রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনির হোসেন। সর্বশেষ গত ২ অক্টোবর দুপুরে ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চীনা প্রকৌশলী জেংলিং হং।

দুর্ঘটনায় আহত অপর শ্রমিক জুয়েল (৩৬) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

এদিকে শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় জোরারগঞ্জ থানায় নিহত শরিফুলের স্বজনদের সঙ্গে কারখানার চীনা ও বাংলাদেশি কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। নিহত শরিফুলের পরিবারের জন্য ১০ লাখ টাকা ক্ষতিপূরণের প্রাথমিক আলোচনা হলেও তা এখনো চূড়ান্ত হয়নি।

নিহত শরিফুলের বাবা মো. সেলিম ও চাচা মনির হোসেন জানান, আইনি লড়াই চালানোর সামর্থ্য না থাকায় তারা মামলা না করে শরিফুলের এতিম দুটি ছোট সন্তানের ভবিষ্যতের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করছেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, "কারখানায় দগ্ধ চারজনের মধ্যে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। ভুক্তভোগী পরিবার মামলা না করতে চাইলেও ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারে। আমরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছি। তবে ক্ষতিপূরণের বিষয়টি সম্পূর্ণ কোম্পানি ও ভুক্তভোগী পরিবারের মধ্যকার সমঝোতার বিষয়।"

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর দুপুরে কারখানাটির ফার্নেসে কারিগরি ত্রুটির কারণে উচ্চ তাপমাত্রার গলিত লোহা ছিটকে পড়লে উক্ত চারজন মারাত্মকভাবে দগ্ধ হন।

প্রতিবেদক: চট্টগ্রাম প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন