আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে দুই পক্ষের গোলাগুলি, নারীসহ ২ জন গুলিবিদ্ধ

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সড়ক নির্মাণ ও ট্রাক্টর ব্যবসার আধিপত্য নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন— চরলাপাং গ্রামের ফুল মিয়া (৬০) এবং একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী উম্মে হানি (২২)। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চরলাপাং গ্রামের একটি নতুন সড়ক নির্মাণকে কেন্দ্র করে গ্রামের অহিদ মিয়ার সঙ্গে স্থানীয়দের বিরোধের সূত্রপাত হয়। অহিদ মিয়া ও তাঁর ভাই উবায়দুল মিয়া এলাকায় ভাড়ায় ট্রাক্টর চালনার ব্যবসার সাথে যুক্ত। সম্প্রতি সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর একই গ্রামের মুসলেম মিয়া কৃষকদের জমিতে হালচাষের জন্য একটি নতুন ট্রাক্টর কিনে আনেন।

এ নিয়ে বাজারে ট্রাক্টর ব্যবসার একচ্ছত্র আধিপত্য ও প্রতিযোগিতা কেন্দ্র করে অহিদ মিয়া ও মুসলেম মিয়ার সমর্থক ও অনুসারীদের মধ্যে গত কয়েকদিন ধরেই চরম উত্তেজনা বিরাজ করছিল।

স্থানীয়দের অভিযোগ, ওই বিরোধের জের ধরে শনিবার রাতে প্রতিবেশী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জারচর এলাকা থেকে ভাড়াটে লোক এনে চরলাপাং গ্রামে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় দুই পক্ষ গোলাগুলিতে জড়িয়ে পড়লে ফুল মিয়া ও উম্মে হানি গুলিবিদ্ধ হন।

এদিকে ঘটনার সংবেদনশীলতা নিয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, গোলাগুলির খবর পাওয়া মাত্রই এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। তবে হামলায় কারা জড়িত এবং কোন পক্ষ প্রথম গুলি চালিয়েছে—তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে আইনি প্রক্রিয়া চলমান।

উল্লেখ্য, নদীবেষ্টিত চরলাপাং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে একই এলাকায় অবৈধভাবে বালু তোলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে সশস্ত্র হামলায় একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছিলেন। একের পর এক এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

প্রতিবেদক: সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া

একটি মন্তব্য পোস্ট করুন