শনিবার (৩ অক্টোবর ২০২৬) রাত ৯টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জাধীন কটকা খালের সাগর মোহনায় এ রোমহর্ষক ঘটনা ঘটে।
বন বিভাগ ও পর্যটকবাহী জাহাজ সূত্রে জানা গেছে, শনিবার রাতে কটকা অভয়ারণ্যে ‘দি ওয়েভ-২’ এবং ‘আরালসী’ নামে দুটি পর্যটকবাহী লঞ্চ নোঙর করা ছিল। দুটি জাহাজে দেশি-বিদেশি মিলে মোট ৯৭ জন পর্যটক অবস্থান করছিলেন। রাত ৯টার দিকে একটি ইঞ্জিনচালিত ফিশিং ট্রলারে করে সশস্ত্র অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত ‘দি ওয়েভ-২’ জাহাজের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসতে থাকে।
কটকার মোহনায় সাগরে অবস্থানরত স্থানীয় জেলেরা বিষয়টি টের পেয়ে দ্রুত মোবাইল ফোনে কটকা অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীদের অবহিত করেন। খবর পেয়েই বনরক্ষীরা নিজস্ব বোট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতকারীদের ধাওয়া করেন। বনরক্ষীদের উপস্থিতি বুঝতে পেরে দস্যুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালানো হয়। এতে আতঙ্কিত হয়ে দুর্বৃত্তরা ট্রলারের গতিপথ বদলে বঙ্গোপসাগরের দিকে সটকে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) তানভির হাসান ইমরান জানান, বনরক্ষীদের সময়োচিত পদক্ষেপ ও গুলিবর্ষণের কারণে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে পর্যটকেরা রক্ষা পেয়েছেন। বর্তমানে পর্যটকেরা নিরাপদে রয়েছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী চরম উদ্বেগ প্রকাশ করে বলেন, "সুন্দরবনে পর্যটকবাহী জাহাজকে লক্ষ্য করে বনদস্যুদের এমন আক্রমণের চেষ্টা নজিরবিহীন। সম্প্রতি বনে জলদস্যু ও বনদস্যুদের উপদ্রব কিছুটা বেড়েছে, তারা জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছে। পর্যটন মৌসুম শুরুর মুখে এ ধরনের ঘটনা খুবই উদ্বেগজনক। বনে পর্যটক ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড ও নৌবাহিনীর নৈশটহল জোরদার করা প্রয়োজন।"
এ ঘটনার পর সুন্দরবনের কটকা, কচিখালীসহ নদী ও খাঁড়িগুলোতে বন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
প্রতিবেদক: ম.ম.রবি ডাকুয়া, বাগেরহাট
