আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> উন্নয়ন

মাদারীপুরে চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় নির্মিত হচ্ছে আড়িয়াল খাঁ সেতু, প্রকল্প এলাকা পরিদর্শন

মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদের ওপর প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক সেতু নির্মিত হতে যাচ্ছে। চীন সরকারের আর্থিক সহযোগিতায় এই মেগা প্রকল্প বাস্তবায়িত হবে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে চীনা প্রকৌশলী ও বিশেষজ্ঞ দলকে সঙ্গে নিয়ে সম্ভাব্য প্রস্তাবিত নির্মাণ এলাকা পরিদর্শন করেন মাদারীপুর-২ আসনের স্থানীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

পরিদর্শনকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদাত আলী ও মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলী হায়দার খানসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার মহিষেরচর ও আশপাশের কয়েক গ্রামের হাজার হাজার মানুষকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে আড়িয়াল খাঁ নদ পার হয়ে জেলা শহরে যাতায়াত করতে হয়। বর্ষা মৌসুমে কিংবা ঝড়-বৃষ্টির দিনে এই ট্রলার পারাপার চরম ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং প্রায়ই ঘটে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে এলজিইডি ইতিমধ্যে প্রয়োজনীয় সম্ভাব্যতা সমীক্ষা সফলভাবে শেষ করেছে।

এলজিইডির গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদাত আলী জানান, সেতু নির্মাণের প্রাথমিক জটিলতা দূর হয়েছে এবং চীন সরকারের সাথে প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন হয়েছে। চীনা প্রতিনিধি দলের স্থান পরিদর্শনের পর খুব শিগগিরই মূল অবকাঠামোগত কার্যক্রমের প্রক্রিয়া শুরু হবে।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া জানান, স্থানীয়দের দুর্ভোগ লাঘবে দ্রুত সেতুটির নির্মাণকাজ উদ্বোধন করতে প্রশাসনিক সব প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী দিনগুলোতে দ্রুত জমি অধিগ্রহণসহ পরবর্তী পদক্ষেপগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

প্রতিবেদক: মাদারীপুর প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন