বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মামলার এজাহারভুক্ত তিন আসামিকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাজশাহীর বাঘা উপজেলার চণ্ডিপুর এলাকার সিরাজুল ইসলাম ওরফে চঞ্চল (৪৭), নাটোরের লালপুর উপজেলার বৃষ্টি খাতুন (৩৫) এবং ঈশ্বরদী পৌরসভার পিয়ারাখালী জামতলা এলাকার বাসিন্দা মুক্তি খাতুন (২৫)।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী জামিরুল ইসলাম (৩৫) রাজশাহী জেলার বাঘা উপজেলার চণ্ডিপুর বাজারের একজন মুদি ব্যবসায়ী। ব্যবসার বকেয়া লেনদেনের সুবাদে অভিযুক্তদের সঙ্গে তাঁর পূর্বপরিচয় ছিল। সেই পরিচয়ের সূত্রে আসামি মুক্তি খাতুনের সঙ্গে মুঠোফোনে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর সকালে মুক্তির আহ্বানে সাড়া দিয়ে ঈশ্বরদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পিয়ারাখালী জামতলা এলাকার ‘মমতাজ ভিলা’র তৃতীয় তলার একটি ভাড়া বাসায় যান জামিরুল। সেখানে মুক্তি ও বৃষ্টি তাঁকে নাশতা আপ্যায়ন করার কিছুক্ষণ পরই সিরাজুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন ঘরে প্রবেশ করে।
এ সময় মুক্তির সঙ্গে অবাধ্য ও অনৈতিক সম্পর্ক রয়েছে দাবি করে আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং জামিরুলের স্ত্রীর কাছে পাঠানোর হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে মারধর করে ঘরের ভেতর আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
পরবর্তী সময়ে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের মুখে পড়ে বাধ্য হয়ে জামিরুল তাঁর স্ত্রীকে মুঠোফোনে টাকা নিয়ে আসতে বলেন। খবর পেয়ে তাঁর স্ত্রী ও দুই বন্ধু নগদ সাত লাখ টাকা নিয়ে ওই বাসায় পৌঁছে সিরাজুলের হাতে তুলে দেন। টাকা পাওয়ার পর ওই দিন দুপুর ১২টার দিকে জামিরুলকে মুক্তি দেওয়া হয়। ঘটনার বিষয়ে আইনি পদক্ষেপ নিলে তাঁকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
পরবর্তী সময়ে এ ঘটনায় বিচার চেয়ে গত বুধবার (৭ অক্টোবর ২০২৬) ঈশ্বরদী থানায় একটি লিখিত মামলা দায়ের করেন ভুক্তভোগী জামিরুল ইসলাম।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চক্রটির সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
প্রতিবেদক: স্বপন কুমার কুন্ডু, পাবনা
