আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> জামায়াত

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই নিয়ে ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ, ফুলবাড়িয়ায় তুলকালাম

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে এক বৃদ্ধা নারীর টিপসই নিয়ে জালিয়াতির মাধ্যমে ভূয়া বিয়ের কাবিননামা তৈরির গুরুতর অভিযোগ উঠেছে। প্রতারণার শিকার ওই নারী প্রায় ১৩ বছর আগে স্বামীকে হারিয়েছেন এবং বর্তমানে তাঁর নাতি-নাতনিও রয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক ক্ষোভ ও তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী নারীর ভাষ্য অনুযায়ী, একই এলাকার কসমেটিকস ব্যবসায়ী ও জামায়াতের নির্বাচনকালীন কেন্দ্র কমিটির সদস্য আবদুস ছাত্তার ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার অজুহাতে কৌশলে তাঁর কাছ থেকে টিপসই নেন। পরবর্তীতে সেই টিপসই ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে একটি ভূয়া কাবিননামা প্রস্তুত করা হয়। ভুক্তভোগী নারী স্পষ্টভাবে জানান, "আমি কোনো কাজির কাছে যাইনি এবং কাউকে বিয়েও করিনি।"

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জালিয়াতি করা কাবিননামায় বর হিসেবে একই এলাকার আবদুল কুদ্দুসের নাম রয়েছে। জানা যায়, আবদুল কুদ্দুস পূর্বেও একাধিকবার ওই নারীকে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন। কাবিননামায় আড়াই লাখ টাকা দেনমোহর ও ৫০ হাজার টাকা উসুল দেখানো হয়েছে। এমনকি বিবাহ সম্পাদনকারী হিসেবে কাজি গোলাম মোস্তফা এবং সাক্ষী হিসেবে সাইফুল ইসলাম ও আবদুল মান্নানের নাম ব্যবহার করা হয়েছে।

তবে কাবিননামায় নাম থাকা সাক্ষী সাইফুল ইসলাম জানান, তিনি এ ধরনের কোনো বিয়ের বিষয়ে জানেন না এবং সাক্ষ্য দেননি। অন্যদিকে সংশ্লিষ্ট কাজি গোলাম মোস্তফা পুরো কাবিননামাটি ভুয়া ও জাল আখ্যা দিয়ে বলেন, "আমি এই বিবাহ সম্পাদন করিনি। পূর্বেও ২০২০ সালে আমার নাম ও স্বাক্ষর জাল করে একটি চক্র ভুয়া কাগজ তৈরি করায় থানায় জিডি করেছিলাম। এবারও আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে পুলিশের সাথে কথা বলছি।"

এদিকে ঘটনার অভিযুক্ত আবদুল কুদ্দুস আত্মগোপনে থাকলেও তাঁর স্ত্রী সুফিয়া খাতুন জানান, তাঁর স্বামী ঘরে কিছু না জানিয়ে পরবর্তীতে বিষয়টিকে 'কোর্ট ম্যারেজ' বলে দাবি করছেন, যা পরিবার মেনে নেয়নি। অন্যদিকে মূল অভিযুক্ত আবদুস ছাত্তার তাঁর বিরুদ্ধে ওঠা টিপসই নেওয়ার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, স্থানীয় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে তাঁকে ষোড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হচ্ছে।

উপজেলা জামায়াতের আমির মো. ফজলুল হক জানান, অভিযুক্ত ছাত্তার দলের কোনো পদধারী নেতা নন, তিনি কেবল নির্বাচনকালীন একটি কেন্দ্র কমিটির সহযোগী সদস্য ছিলেন। পুরো বিষয়টি তদন্ত করে প্রকৃত দোষীর বিচার দাবি করেন তিনি।

ঘটনা নিষ্পত্তিতে স্থানীয় মাতব্বর মোহাম্মদ রুস্তম আলীর নেতৃত্বে গ্রামে ইতোমধ্যে দুই দফা সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে অভিযুক্তরা অনুপস্থিত থাকায় তাঁদের চূড়ান্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। সমাধান না হলে আইনি প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান জানান, বিষয়টি লোকমুখে শুনলেও এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেদক: ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন