ভুক্তভোগী নারীর লিখিত এজাহারের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) রাত ৮টা ২০ মিনিটে সিরাজগঞ্জ সদর উপজেলার কাঠেরপুল এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত মাহমুদুল দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ওই নারীকে উত্যক্ত করে আসছিলেন। স্থানীয় মাতব্বরদের কাছে এ নিয়ে একাধিকবার বিচার-সালিশ হলেও তিনি তা অমান্য করে উত্যক্ত অব্যাহত রাখেন। গত ৩ অক্টোবর সকাল ৯টার দিকে ভুক্তভোগীর স্বামী ও স্বজনেরা নিখোঁজ এক আত্মীয়ের সন্ধানে ছোনগাছা এলাকায় গেলে ওই নারী বাড়িতে একা ছিলেন।
অভিযোগে বলা হয়, এ সুযোগে বিকেল আনুমানিক ৩টার দিকে মাহমুদুল আকস্মিকভাবে বসতঘরে প্রবেশ করে পেছন থেকে ওই নারীর মুখ চেপে ধরে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়। আত্মরক্ষা করতে ওই নারী ধস্তাধস্তির একপর্যায়ে চিৎকার দেন এবং রান্নার কাজে ব্যবহৃত লোহার বস্তু দিয়ে আঘাত করলে অভিযুক্ত মাহমুদুল ঘর থেকে পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা এগিয়ে এসে ওই নারীকে উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, অভিযুক্ত মাহমুদুল পূর্বেও একই ধরনের অপরাধে জড়িত ছিলেন। গত বছর নিজের চাচাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে সদর থানায় অভিযোগ হয়েছিল, যা পরবর্তীতে সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়া হয়। বছর না ঘুরতেই আবারও অন্তঃসত্ত্বা নারীর ওপর এমন ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার এসআই শহিদুল ইসলাম জানান, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিবেদক: সাদ্দাম হোসাইন, সিরাজগঞ্জ
