প্রকল্প সূত্র জানায়, বিদ্যুৎকেন্দ্রের প্রধান নিয়ন্ত্রণকক্ষ (এমসিআর) ও জরুরি নিয়ন্ত্রণকক্ষ (ইসিআর) থেকে যৌথভাবে চাপ নিয়ন্ত্রণসংক্রান্ত সব পরীক্ষা চালানো হয়। গত ৩০ সেপ্টেম্বর প্রথম ধাপে ১৬ দশমিক ১ মেগাপ্যাসকেল (এমপিএ) পরিচালন চাপ ও ২৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১২টি পরীক্ষামূলক কার্যক্রম সফল হয়। পরবর্তী ধাপে ১৮ দশমিক ৬৫ এমপিএ চাপের পরীক্ষায় প্রাথমিকভাবে দুটি ভালভ খুলতে জটিলতা দেখা দিলে রাশিয়ার বিশেষজ্ঞ দল দ্রুত তা মেরামত করে এবং পুনর্পরীক্ষায় সফলতা অর্জন নিশ্চিত করে।এনপিসিবিএল কর্মকর্তারা জানান, রূপপুর প্রকল্পের এখন প্রধান মাইলফলক ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ বা প্রাথমিক সংকটময় অবস্থা স্পর্শ করা। বায়রার আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর রিঅ্যাক্টরে একটি নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন চালু করা হবে। ফিজিক্যাল স্টার্ট-আপ পর্যায়ের এই ধাপে রিঅ্যাক্টরকে তার পূর্ণ তাপীয় ক্ষমতার মাত্র ১ শতাংশের কম শক্তিতে চালিয়ে বিভিন্ন সুরক্ষা সরঞ্জাম যাচাই করা হবে। এই প্রক্রিয়ায় ৩০ থেকে ৪০ দিন সময় লাগতে পারে।
ফিজিক্যাল স্টার্ট-আপের সাফল্য নিশ্চিত হলে শুরু হবে ‘পাওয়ার স্টার্ট-আপ’ পর্যায়। এই ধাপে বায়রার 'ট্রায়াল অপারেশনাল লাইসেন্স' নিয়ে ধীরে ধীরে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে ৩ শতাংশ থেকে প্রথমে ২০-২৫ শতাংশে উন্নীত করা হবে এবং টারবাইন সিনক্রোনাইজেশনের মাধ্যমে জেনারেটরকে জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। বাণিজ্যিক উৎপাদন শুরুর আগে টানা ৭-৮ মাস পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ চলবে।
প্রকল্প পরিচালনায় প্রযুক্তিগত চ্যালেঞ্জ ও অফ-সাইট নিরাপত্তা নিশ্চিত করতে বায়রা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় গ্রিড কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে নিবিড় সমন্বয় বজায় রাখা হচ্ছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার সাথে সাথেই বিশ্বজুড়ে পারমাণবিক শক্তি উৎপাদনকারী অভিজাত ৩৩তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বাংলাদেশ।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের মেয়াদ দুই দফায় বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হলেও মূল চুক্তি অনুযায়ী ঠিকাদারি ব্যয় বৃদ্ধির সুযোগ নেই। তবে ডলারের বিনিময় হার পরিবর্তনের ফলে বর্তমানে প্রকল্পের সার্বিক প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।
প্রতিবেদক: স্বপন কুমার কুন্ডু, পাবনা
