বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে উপজেলার টাংগাব ইউনিয়নের বারইহাটি গ্রামের বটতলা এলাকার আজিজুল হকের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহকর্তা আজিজুল হক পেশাগত কারণে কিশোরগঞ্জ জেলা সদরে অবস্থান করছিলেন। ঘটনার রাতে বাড়িতে কেবল তাঁর বৃদ্ধা মা, স্ত্রী ও কন্যা অবস্থান করছিলেন। রাত ৪টার দিকে ৩-৪ জনের একদল সশস্ত্র ডাকাত কলাপসিবল গেট ও ঘরের প্রধান ফটকের তিনটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। একই সময়ে ডাকাত দলের বেশ কয়েকজন সদস্য ঘরের বাইরে পাহারা দেয়।
ঘরে প্রবেশ করেই ডাকাতেরা উপস্থিত তিন নারীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং কাপড় দিয়ে তাঁদের হাত ও মুখ বেঁধে ফেলে। পরবর্তীতে ডাকাত দল ঘরের তিনটি কক্ষের আলমারি ও ওয়ারড্রোবের তালা ভেঙে তল্লাশি চালায়। তারা জমি বিক্রির সংরক্ষিত নগদ তিন লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকার, ছয় ভরি রূপার গয়না এবং দামী পোশাকপরিচ্ছদসহ আনুমানিক সাড়ে সাত লাখ টাকার মালামাল লুট করে সটকে পড়ে।
ভুক্তভোগী আজিজুল হক জানান, "খবর পেয়ে সকালে বাড়ি ফিরে এসে দেখি ডাকাত দল সবকিছু লুট করে নিয়ে গেছে। ডাকাতেরা বারবার জমি কেনার টাকার খোঁজ করছিল। সন্ধান দিতে সামান্য দেরি হওয়ায় আমার ৭০ বছর বয়সী বৃদ্ধা মা জোয়েদা খাতুনকে তারা নির্মমভাবে মারধর করেছে।"
এ বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিবেদক: আতাউর রহমান মিন্টু, গফরগাঁও, ময়মনসিংহ
