আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> আইনশৃঙ্খলা

রংপুরে চার খুন: অঘটনস্থলে ফেলে যাওয়া খেজুর ও শসার নমুনা থেকে আসামিদের ডিএনএ শনাক্ত

রংপুর নগরীর অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে বর্বরোচিতভাবে হত্যার মামলায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা আলামতের সঙ্গে মিলে গেছে। ঘটনাস্থল থেকে জব্দকৃত কামড় দেওয়া খেজুর, শসা এবং ব্যবহৃত সিগারেটের অবশিষ্টাংশ থেকে দুই আসামির ডিএনএ শনাক্ত করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে সিআইডি রংপুরের পুলিশ সুপার সুমিত চৌধুরী তথ্যটি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হত্যাকাণ্ডের বৈজ্ঞানিক প্রমাণ সংগ্রাহে গত ২১ সেপ্টেম্বর রংপুর কারাগার থেকে আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে ঢাকায় সিআইডি সদর দপ্তরে নেওয়া হয়। সেখানে তাঁদের শরীরের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঘটনাস্থল থেকে জব্দকৃত ৩৫টি আলামতের ফরেনসিক পরীক্ষার মুখোমুখি করা হয়। পরীক্ষা শেষে সিআইডি ল্যাব নিশ্চিত করেছে যে, অঘটনস্থলে ফেলে রাখা কামড় দেওয়া শসা, খেজুরের বিচি এবং পোড়া সিগারেটের অংশের জৈব নমুনার সঙ্গে গ্রেপ্তার দুই আসামির ডিএনএ হুবহু মিলে গেছে।

ঘটনার বিবরণী ও পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়া পাড়া এলাকায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং ছোট ছেলে প্রিয়ম চক্রবর্তীকে ঘরের ভেতর শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর দুই আসামি মুগ্ধ ও সিদ্ধার্থ দীর্ঘ সময় ঘরটিতে অবস্থান করে গোসল সারে এবং ফ্রিজ খুলে খেজুর ও শসা বের করে খায়। এরপর তারা ঘর তছনছ করে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে চম্পট দেয়।

ঘটনার পর থেকে নিহতের বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে স্বজনেরা পুলিশে খবর দেন। পরবর্তী সময়ে চারজনের লাশ উদ্ধার হলে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মামলাটি অধিকতর তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হলে আসামি মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামিরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

তদন্ত কর্মকর্তা জানান, স্বীকারোক্তিমূলক জবানবন্দির পাশাপাশি ঘটনাস্থলে দুই আসামির সরাসরি উপস্থিতির ক্ষেত্রে এই ডিএনএ প্রতিবেদনটি আদালতে অত্যন্ত শক্তিশালী ও অখণ্ডনীয় বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে কাজ করবে। আলামত, ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এবং উদ্ধারকৃত লুটের মালামাল সমন্বয় করে শিগগিরই আদালতে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে।

প্রতিবেদক: গোলাম মোস্তফা আনছারী, রংপুর

একটি মন্তব্য পোস্ট করুন