আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> কুষ্টিয়া

ভেড়ামারায় পুলিশের রাতভর সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৪

কুষ্টিয়ার ভেড়ামারায় থানা-পুলিশের রাতভর সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ মাদক মামলার দুই ব্যবসায়ী এবং বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় দুই রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল পর্যন্ত ভেড়ামারা থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানাধীন চাঁদগ্রাম ইউনিয়নের চর বাড়াদি এলাকায় আব্দুল হাফিজ তপন চেয়ারম্যানের ইটভাটার কাছে জিম গার্ডেনের সামনে অভিযান চালানো হয়। সেখানে পাকা রাস্তার ওপর থেকে ১৮ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ভেড়ামারা উপজেলার বাড়াদি গ্রামের আব্দুল মজিদ বকুলের ছেলে মো. জাকিরুজ্জামান ওরফে জিম (৩৩) এবং দৌলতপুর উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের উজির মন্ডলের ছেলে মো. জাহিদ হাসান (২৭)। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, পৃথক অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক উপাদান আইনের মামলায় অপর দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফ আলী দফাদার (৫৫)। বুধবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে মালিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকা থেকে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে মো. ওয়াশিম প্রামানিক (৩৩) নামের এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত চার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিবেদক: মোঃ ছিয়াম হোসেন, কুষ্টিয়া

একটি মন্তব্য পোস্ট করুন